সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত করবো : গহরপুরিপুত্র

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হাফেজ মুসলেহ উদ্দীন রাজু বলেছেন- নির্বাচিত হলে তিনি সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত একটি জনপদ হিসেবে গড়ে তোলবেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলি, অতির বাড়ি, নিজগাঁও ও মুনশীরগাঁও, লক্ষ্মীপাশা, শুকলামপুর ও তাজপুরে গণসংযোগ শেষে লালাবাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন- ‘সিলেট-৩ আসনের লাইফলাইনখ্যাত ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে স্থানীয়ভাবে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। এই মেগা প্রকল্পের গুণমান নিয়ে কোনো আপস করা হবে না এবং ধীরগতি বা অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমরা সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করব।’ 

মুসলেহ উদ্দীন রাজু বলেন, ‘মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে পর্যাপ্ত আন্ডারপাস-ওভারপাস নির্মাণসহ আধুনিক ট্রাফিক ব্যবস্থা অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে চলা দীর্ঘদিনের চাঁদাবাজির জুলুম চিরতরে বন্ধ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।