সরকারকে ‘ফুঙ্গা’ ডেকে সিলেটে জামায়াত আমিরের ‘ফেসবুকীয় দুঃখ’, বিএনপি নিরব

কওমি কণ্ঠ রিপোর্টার :

বর্তমান সরকারকে নিয়ে জেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের ‘নোংরা বক্তব্য’র কড়া প্রতিবাদ জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী।

যদিও শুক্রবার (৫ জুন) ভোরে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জামায়াত নেতা তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আনুষ্ঠানিক বা সাংগঠনিকভাবে কোনো ক্ষমা চাননি বা দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগরের কোর্ট পয়েন্টে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সিলেট জেলা জামায়াতের আমির বয়োজ্যেষ্ঠ হাবিবুর রহমান বলেন- বর্তমান সরকারের জন্মের ঠিক নেই। সিলেটি ভাষায় যাকে আমরা ফুঙ্গা বলি। এ সরকার ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে।

তাঁর এই বক্তব্যের পর এখন পর্যন্ত সিলেট জেলা বা মহানগর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদমূলক বিবৃতি আসেনি। তবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী কড়া প্রতিবাদ করেছেন। তিনি আজ এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন- ‘‘সিলেট জেলা জামাতের আমীর হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমন করেছেন। এটা শুধু ন্যক্কারজনকই নয় তাদের দলের নেতাদের পুরনো মুখোশ খুলে দিয়েছে। যদি ও তিনি এখন দু:খ প্রকাশ করেছেন কিন্তু এই বক্তব্য থেকে তাদের ভিতরে কি পরিমান হিংসা এবং প্রতিহিংসা কাজ করছে তার বাস্তব প্রমান পাওয়া যায়। সরকার যদি বেজন্মা হয় তবে তারা ও বেজন্মা। ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমীর এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারে?
শুধু তিনি নন ইদানিং তাদের প্রতিটি নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে। একজনতো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাদের আমীর সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন। 
তাই এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধা দ্বন্ধের দুর্বলতা খুজে সেখান থেকে ফায়দা লুটের চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে এদেরকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে ভাবে বয়কট করুন।’’

এদিকে, গতকাল বিকালে জামায়াত নেতা এমন বক্তব্য দিলেও শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত সিলেট জেলা বা মহানগর বিএনপি কোনো বিবৃতি প্রদান করেনি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।