কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুনী মেলার নামে অবৈধ র্যাফেল ড্র'র টিকেট বিক্রিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তিকে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এসময় একটি টমটম গাড়ি ও অবৈধ টিকেট জব্দ করে থানা হেফাজতে দেয়া হয়।
জানা গেছে, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াবদার মাঠে র্যাফেল ড্র ও তাজপুর বাজারে বারুণী মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে মেলা বা র্যাফেল ড্র‘র কোন অনুমতি নেয়া হয়নি।
বারুনী মেলাকে কেন্দ্র করে সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের র্যাফেল ড্র বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরুস্কার হিসাবে একটি নতুন মোটরসাইকেল থাকায় অনেকেই এই টিকেট কিনে প্রতারিত হচ্ছেন। এমন অভিযোগে শুক্রবার রাতে গোয়ালাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমমুন নাহার আশা। এমন অবৈধ র্যাফেল ড্র'র টিকেট বিক্রিকালে একটি টমটম আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ২শ টাকা অর্থদন্ড ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি তেরা মিয়ার পুত্র রিপন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বা র্যাফেল ড্র আয়োজন সম্পুর্ন অবৈধ। এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নজরদারি জোরদার করা হবে।