সুনামগঞ্জ প্রতিনিধি :
রাষ্ট্রদ্রোহ ও হত্যাসহ একাধিক মামলার আসামি সুনামগঞ্জের যুবক এমরান আহমেদকে হন্যে হয়ে খোঁজছে পুলিশ। তবে তার কোনো হদিস মিলছে না। স্ত্রীসহ সে উধাও গত কয়েক মাস ধরে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাগইন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এমরান আহমেদ নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠনের রাজনীতি করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। করেন রাষ্ট্রদ্রোহী কাজও। একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও এমরান জড়িত বলে জানা গেছে।
কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
বিভিন্ন সূত্র বলছে, স্ত্রীসহ এমরান দেশ থেকে পালিয়ে গেছেন। তবে পুলিশ বলছে- তাকে খোঁজা হচ্ছে। পাওয়ামাত্র গ্রেফতার করা হবে।
এদিকে অভিযোগ রয়েছে, সিলেট জেলার ভোলাগঞ্জ–কোম্পানীগঞ্জ এলাকার পাথর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ এমরান আহমদের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু হত্যা-সংক্রান্ত মামলা আদালতে দায়ের করেছেন।
এ সময় এমরান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর অধীন সুনামগঞ্জে পরিচালিত একটি প্রকল্পে চাকরি করতেন।
সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রতিবেদককে বলেন, "বিভিন্ন গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত ওই আসামিকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।" তিনি আরও বলেন, অভিযুক্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।