কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটিতে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনই জিতে যেতে পারেনি।
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। একমাত্র সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় জয়লাভ করেছেন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সবটিতেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন জয় পেয়েছেন।
মৌলভীবাজার জেলার চারটি আসনের সবটিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন।
হবিগঞ্জ জেলার চারটি আসনের সবটিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয় পেয়েছেন।