এখনো জমেনি ঈদের কেনাকাটা

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটে প্রতি বছরই রোজার ঈদের কেনাকাটা শুরু হয় ১৫ রোজার পর থেকে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে মন্তব্য ব্যবসায়ীদের।

ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। ক্রেতাদের আগমনের অপেক্ষা করছেন। এজন্য অভিজাত শপিংমলসহ বিভিন্ন বিপণিবিতান ও ব্র্যান্ড শপগুলো সাজানো হচ্ছে।

ক্রেতাকে আকর্ষণ করতে মার্কেটের সামনে, এমনকি সামনের প্রধান রাস্তার ওপরও আলোকসজ্জা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ঈদের টুকটাক কেনাকাটা শুরু হলেও ১৫ রোজার পর থেকে পুরোদমে শুরু হয় বেচাকেনা।

এদিকে এবার নতুন কিছু ঈদের পোশাক উঠেছে বাজারে। এসব পোশাকের মধ্যে চিকেনকারি, দিল্লি বুটিক, কারিজমা, বিন হামিদ অন্যতম। 
সিলেট নগরীতে সব ধরনের কেনাকাটা হয়ে থাকে কয়েকটি এলাকায়।

এরমধ্যে বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, নয়াসড়ক, কুমারপাড়া, লামাবাজার অন্যতম। এসব এলাকায় বেশ কিছু শপিংমল, মার্কেট ও ব্র্যান্ডশপ রয়েছে। কুমারপাড়া ও নয়াসড়ক এলাকা গত কয়েক বছরে হয়ে উঠেছে ব্র্যান্ডশপগুলোর প্রধান এলাকা। মূলত তরুণদের বড় একটি অংশ সেখানে যান।