কওমি কণ্ঠ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কামরুল হাসান হিমেল ও শরিফ আহমেদ নামের দুই প্রতারক'কে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট র্যাব-৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক মিডিয়া ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিবন্ধিত সিম ব্যবহার করে বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা করে আসছিল।
র্যাব আরও জানায়, গত ২ এপ্রিল সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেও তারা ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো বলে জানা গেছে।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।