সিলেট এরিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান, মতবিনিময়

কওমি কণ্ঠ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেট এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি)। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি সিলেট আসেন। 

পরে সেনাবাহিনী প্রধান সিলেট জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সকল জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, পরিদর্শনকালে তিনি 'ইন এইড টু সিভিল পাওয়ার'র আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সিলেট এরিয়া পরিদর্শনকালে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের অফিসার, বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।